শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
বিমানকে ঢেলে সাজানো হচ্ছে
প্রকাশিত - আগস্ট ৭, ২০১৭ ১০:০৪ এএম


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে প্রশাসন ক্যাডারের যুগ্ম সচিব জয়নুল বারীকে বিমানের পরিচালক (প্রশাসন) পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে বিমানের পরিচালনা পর্ষদ অর্থ পরিদপ্তরের পরিচালক পদ মর্যাদায় প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে ভিলিট সুড নামক এক ভারতীয় নাগরিককে নিয়োগ দেয়। জাতীয় পতাকাবাহী এ সংস্থায় আরো ৪টি পরিচালকের পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
এর মধ্যে গ্রাহক সেবা পরিদপ্তরের পরিচালক দুই বছর আগে অবসরে গেছেন। গুরুত্বপূর্ণ এ পদে একজন জেনারেল ম্যানেজার দায়িত্ব পালন করছেন। কেবিন ক্রু হিসেবে চাকরি শুরু করা এই জেনারেল ম্যানেজার ভিভিআইপি দায়িত্ব পালনের জন্য এখন পর্যন্ত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিরাপত্তা ছাড়পত্র পাননি। পরিকল্পনা, প্রকৌশল এবং ক্রয় ও লজিস্টিক সাপোর্ট পরিদপ্তরের তিন পরিচালকের কাজও জেনারেল ম্যানেজার বা অন্য কোনো পদ মর্যাদার কর্মকর্তাকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে চালাতে হচ্ছে। ফলে সংশ্লিষ্ট কাজকর্ম বিঘ্নিত হচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিমানকে গতিশীল ও লাভজনক সংস্থায় পরিণত করার জন্য ইতিপূর্বে এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পদে দুই দফায় বিদেশি নাগরিককে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তারা নতুন নতুন আন্তর্জাতিক রুট চালু, ব্যয় সংকোচনসহ বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু নানা প্রতিকূলতার কারণে কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয়নি। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের উভয়ই দায়িত্ব ছেড়ে চলে যান। এরপর গত বছর মাঝামাঝির দিকে এএম মোসাদ্দিক আহমেদকে বিমানের এমডি ও সিইও পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। সম্প্রতি তার চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়ানো হয়েছে।
এএম মোসাদ্দিক আহমেদ জানান, বিমানের হারানো গৌরব ফিরিয়ে আনাই এখন তাদের মূল লক্ষ্য। এ জন্য বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক রুট চালু করার পদক্ষেপ নেওয়া হয়েছে। হজ ফ্লাইট পরিচালনার কারণে বিভিন্ন রুটে ইদানিং কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। তবে এটা সাময়িক। অচিরেই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.