
সিলেট জালালাবাদ কলেজ শাখার দুই ছাত্রলীগ কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মঙ্গলবার দুপুরে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এসময় রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মো. গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে সহ-সভাপতি সাদ্দাম হোসেন, জাকিরুল ইসলাম জ্যাক, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, ইমরান খান নাহিদ, দফতর সম্পাদক আবুল বাশার, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহীল গালিব, সহ-সম্পাদক মনিরুল ইসলাম ও এনামুল হকসহ তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১২টায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৮৭তম জন্মবার্ষিকী পালন করেন নেতাকর্মীরা। দিনটি উপলক্ষ্যে তারা দলীয় ট্রেন্ট থেকে একটি শোভাযাত্রা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে র্তার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও ১ মিনিট নিরবতা পালন করেন ।
প্রসঙ্গত, গতকাল সিলেটে ছাত্রলীগের দুই কর্মীকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রগ ও রক্তনালি কেটে দেয় হেলমেট পরা একদল দুর্বৃত্ত। ছাত্রলীগ অভিযোগ করেছে, জালালাবাদ কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রশিবিরের কর্মীরা এ হামলা চালিয়েছে। তবে শিবির বিবৃতি দিয়ে বলেছে, ছাত্রলীগের নিজেদের মধ্যে দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।
সানবিডি/রাবি/হৃদয়/এসএস