
অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান। রোববার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারীর নিকট এ পদত্যাগপত্র জমা দেন।
বিষয়টি নিশ্চিত করে রেজিস্ট্রার ড. এম এ বারী বলেন, জনসংযোগ দপ্তরের প্রশাসক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। উপাচার্য স্যার পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত তিনিই দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে অধ্যাপক মশিহুর রহমান জানান, স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে সকালে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।
জানা গেছে, প্রতিবেদন লেখা পর্যন্ত পদত্যাগপত্রটি গ্রহণ করা হয়নি। এর আগে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই গত প্রশাসনের সময় নিয়োগপ্রাপ্ত রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, গ্রন্থাগার প্রশাসক, কলেজ পরিদর্শক ও প্রক্টর পদত্যাগ করেন। তবে এখন পর্যন্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান দায়িত্ব পালন করছেন।