[caption id="attachment_33179" align="alignright" width="899"]
রাজশাহী বিশ্ববিদ্যালয়[/caption]
ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্ঝর আহমেদকে মারধর করেছে রুয়েট শাখা ছাত্রলীগেরই নেতাকর্মীরা। পরে তাকে উদ্ধার করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক কর্মীকে শিবির সন্দেহে পুলিশে দিয়েছে রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রুয়েটের বঙ্গবন্ধু হলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রুয়েট শাখা ছাত্রলীগের উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক নির্ঝর আহমেদকে পূর্ব শত্রুতার জের ধরে সন্ধ্যা ছয়টার দিকে বঙ্গবন্ধু হলে মারধর করে সাধারণ সম্পাদক তপুর অনুসারীরা। এসময় নির্ঝর রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজনকে ডাকেন। তারা আসলে তপুর অনুসারিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তপুর অনুসারীরা তাদের ধাওয়া দেয়। এসময় রাবি ছাত্রলীগ কর্মী মনোবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম হীরাকে আটক করে ছাত্রশিবির সন্দেহে পুলিশে দেয় রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক তপু। গুরুতর আহত হওয়ায় নির্ঝরকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রুয়েটে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
রুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক চৌধুরী মাহফুজুর রহমান তপু বলেন, ‘নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি থেকে রুয়েটে একটু সমস্যা হয়েছিল। আমি আর সভাপতি সে সমস্যা সমাধানে ক্যাম্পাসে আসার সময় বহিরাগত কয়েকজন আমাদের চাকু নিয়ে ধাওয়া দেয়। আমরাও পাল্টা ধাওয়া দেই। এক পর্যায়ে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে গেলেও একজনকে ধরে আমরা পুলিশে দিয়েছি।’
তিনি আরো বলেন, ‘ছাত্রলীগ কর্মী হলে আরেকজন ছাত্রলীগ কর্মীর উপর চাকু নিয়ে হামলা করতে আসতো না। তাই তাকে শিবিরকর্মী হিসেবে পুলিশে দেয়া হয়েছে।’ ক্যাম্পাসের সমস্যা সমাধানে তারা প্রশাসনের সাথে বসেছেন বলে জানান।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘এমন কিছু ঘটেছে আমি জানতাম না। আমি এখনি খোঁজ নিচ্ছি। যদি এমন কিছু ঘটে তবে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’
নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ‘একজনকে ছাত্রশিবির সন্দেহে পুলিশে দিয়েছে রুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করলেও এখন পরিস্থিতি শান্ত আছে।’
সানবিডি/রাবি/হৃদয়/এসএস