
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার শিশুদের স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা, পানি, পয়োঃনিষ্কাশন, হাইজন, শিশু সুরক্ষা সেবা প্রদানের উদ্দেশ্যে একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পের নাম হলো ‘বেসিক সার্ভিস ফর চিলড্রেন ইন ঢাকা সাউথ সিটি কর্পোরেশন’।
প্রাথমিকভাবে ডিএসসিসির অঞ্চল-৪এ এই প্রকল্প শুরু হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার ডিএসসিসির সভা কক্ষে ডিএসসিসি ও ইউনিসেফ বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ডিএসসিসির পক্ষে প্রধান নির্বাহী খান মোহম্মাদ বিল্লাল ও ইউনিসেফের পক্ষে ইউনিসেফ বাংলাদেশের প্রধান অ্যাডওয়ার্ড বেগবেডার এমওইউতে স্বাক্ষর করেন।
প্রায় সাড়ে নয় কোটি টাকা ব্যয়ে তিন বছর মেয়াদি প্রকল্পটি ডিএসসিসির সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হবে। এ প্রকল্পের অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে ডিএসসিসির অন্যান্য অঞ্চলে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে ইউনিসেফ কর্মকর্তারা জানান, এ প্রকল্পের মাধ্যমে প্রধানত বস্তি এলাকায় কমিউনিটি টয়লেট ও বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, হাইজিনবিষয়ক সচেতনমূলক ক্যাম্পেইন, ঝরে পড়া ও সুবিধাবঞ্চিতদের শিক্ষা প্রদানের ব্যবস্থা, শিশু অধিকার সুরক্ষাসহ কাউন্সিল ও কর্মকর্তাদের শিশু অধিকার, শিশুদের নিরাপদে বেড়ে ওঠা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দিয়ে সক্ষমতা বৃদ্ধি করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির সচিব শাহাবুদ্দিন খান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. শেখ সালাহউদ্দিন, ইউনিসের আরবান প্রোগ্রাম ম্যানেজার মি. থমাস জর্জ প্রমুখ।