রাজশাহী মহানগরীর নওদাপাড়া বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন এবং হাসপাতালে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।
আজ বুধবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত জনতা ও স্থানীয় হামিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।
নিহতদের মধ্যে আনিকা (১২) নামে এক স্কুলছাত্রী রয়েছে। সে নগরীর নওদাপাড়ার ভাড়ালিপাড়া এলাকার রুস্তমের মেয়ে এবং শাহ মখদুম স্কুলের শিক্ষার্থী। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়। ঘটনাস্থলে নিহত অপর দুইজন হলেন শাহ মখদুম থানার মোড় এলাকার ইসলামের ছেলে ইসমাইল হোসেন পিংকু (২৪) ও মোহাম্মদ আলীর ছেলে সবুজ ইসলাম (৩২)। তারা দুজন ডিসের লাইনের কাজ করতেন।
এদিকে ঘটনার পর রাজশাহীর আম চত্বর এলাকায় বিক্ষোভ করেছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। ঘটনার পর রাজশাহী-নওগাঁ রোডে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, রাজশাহী থেকে নওগাঁ যাওয়ার পথে অ্যারো বেঙ্গল নামে একটি বাস নওদাপাড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মোটরসাকেলকে ধাক্কা দিয়ে জাহাঙ্গীর ট্রেডার্স নামের ওষুধের দোকানে মধ্যে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত এবং অন্তত পাঁচজন আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নগর পুলিশের ডিসি (শাহ মখদুম) হেমায়েতুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।