দেশে চারটি মেডিকেল কলেজ চালুর প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকেই আড়াইশ শিক্ষার্থী নতুন অনুমোদিত চার মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ তথ্য জানান।
তিনি জানান, নওগাঁ, নেত্রকোণা, মাগুরা ও নীলফামারীতে এই চার মেডিকেল কলেজ হবে। এছাড়া চাঁদপুরে মেডিকেল কলেজ করার আরেকটি প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী অক্টোবর-নভেম্বরের মধ্যে সাত হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। তবে তাদের প্রত্যেককে তিন বছর করে গ্রামে থাকতে হবে।’
চানখারপুলে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রসঙ্গে নাসিম বলেন, ‘অক্টোবরে এটির উদ্বোধন করা হবে। এটি বিশ্বের বৃহত্তম বার্ন ইনস্টিটিউট। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।’
স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা সেবা অনেক উন্নত হয়েছে। এখন বিদেশ থেকেও চিকিৎসা নিতে বাংলাদেশে আসে। ক্যান্সারের অনেক রোগী বাংলাদেশে এসে চিকিৎসা নেন।’