শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৮.২৫ শতাংশ হবে
প্রকাশিত - সেপ্টেম্বর ৬, ২০১৮ ১০:০০ পিএম

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, চলতি অর্থবছরে (২০১৮-১৯) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ দশমিক ২৫ শতাংশ হবে।
এছাড়া ক্রয়-ক্ষমতার দিক থেকে (পারচেজিং পাওয়ার প্যারিটি-পিপিপি) ২০২৩ সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত, সিংগাপুরের, ইরাক, কলম্বিয়ার মতো দেশগুলোকে পেছনে ফেলে অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাবে।
তখন দেশের জিডিপি প্রায় ৯ শতাংশে উন্নীত হবে। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে দেশের সার্বিক অগ্রগতি নিয়ে আয়োজিত মিট দ্যা প্রেসে মন্ত্রী এসব কথা বলেন।
গত অর্থবছরের (২০১৭-১৮) চূড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশের কাছাকাছি হয়েছে বলে জানিয়েছেন তিনি। নির্বাচনের বছরে প্রবৃদ্ধি কমতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সব দেশেই নির্বাচন হয়, এটাই স্বাভাবিক।
কয়েক দিন আগে সব মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠক করেছি। তখন সচিবদের বলেছি, নির্বাচন
আমি করব, আপনারা নন। এবার নির্বাচনের বছরে জিডিপি প্রবৃদ্ধি যেন কমে না যায়। ইতোমধ্যে আগামী ছয় মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) প্রকল্পের টাকা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হিসাবে চলে গেছে। টাকার জন্য অর্থ মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয়ে আসতে হবে না। তাই প্রকল্প বাস্তবায়ন নিয়ে কোনো সমস্যা হবে না। জিডিপি প্রবৃদ্ধিতে প্রভাবও পড়বে না।
সংবাদ সম্মেলনে সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব জিয়াউল ইসলাম, আইএমইডির সচিব মফিজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Copyright © 2026 Sunbd24 - Latest News Update About DSE, CSE Stock market.. All rights reserved.