এবারের জাতিসংঘের সাধারণ অধিবেশন চলাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুইটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান থেকে পুরস্কার গ্রহণ করবেন। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।
এরই মধ্যে গত ১৮ সেপ্টেম্বর এবারের অধিবেশন শুরু হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছাবেন। একাধিক মন্ত্রী, সচিবসহ ৫৫ জন প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে এবারের জাতিসংঘের অধিবেশনে অংশ নিবেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ইন্টার প্রেস সার্ভিস নিউজ এজেন্সি প্রধানমন্ত্রীকে রোহিঙ্গা ইস্যুতে তার অনুকরণীয়, দূরদর্শী ও বিচক্ষণ নেতৃত্বের জন্য ‘ইন্টারন্যাশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দিবে।
এর আগে, জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান ও বুট্রোস বুট্রোস ঘালি এবং ফিনল্যান্ডের রাষ্ট্রপতি মারতি আতিসারি এ সম্মাননা পেয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গ্লোবাল হোপ কোয়ালিশন এর বোর্ড অব ডিরেক্টরসরা প্রধানমন্ত্রীকে ‘২০১৮ স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ সম্মাননা দিবে। রোহিঙ্গা ইস্যুতে দূরদর্শী নেতৃত্বের জন্য আগামী ২৭সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে এই সম্মাননা দেওয়া হবে।