রাষ্ট্রপতির আদেশে দেশের ১০ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (২৩ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব দেওয়ান মাহবুবুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে জেলা প্রশাসকদের নাম ও নতুন দায়িত্ব পাওয়া জেলার নাম উল্লেখ করা হয়েছে। নতুন এই জেলা প্রশাসকরা এতোদিন বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
এদের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কবির মাহমুদকে বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে সংযুক্ত উপসচিব আবু আলী মো. সাজ্জাদ হোসাইনকে পিরোজপুরের, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব এবং মন্ত্রীর একান্ত সচিব হিসেবে কর্মরত হায়াত-উদ-দৌলা খোনকে ব্রাহ্মণবাড়িয়ার, স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. শহীদুল ইসলামকে টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।