সাত দফা দাবি ও ১১টি লক্ষ্য তুলে ধরে প্রধান বিরোধী দল বিএনপিকে নিয়ে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক জোট জাতীয় ঐক্য ফ্রন্ট।
জাতীয় প্রেস ক্লাবে শনিবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না নতুন জোটটির ঘোষণা দেন।
নতুন জোটের দাবিগুলো তুলে ধরে মান্না অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান সরকার প্রধানের পদত্যাগ দাবি করেন। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠন ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির নিশ্চয়তা চান; গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ইভিএম বাদ দিয়ে ইসি পুনর্গঠন; অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি দাবিগুলোর মধ্যে রয়েছে কোটা সংস্কার, নিরাপদ সড়কের মতো যত সামাজিক আন্দোলন হয়েছে সে সব আন্দোলনে আটকদের মুক্তি দাবি ও মামলা প্রত্যাহার। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন প্রত্যাহার; নির্বাচনের ১০ দিন আগে থেকে সরকার গঠনের আগ পর্যন্ত ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন। এবং আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের অধীনে ন্যস্ত করতে হবে; নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করার জন্য দেশীয় ও আন্তজার্তিক পর্যবেক্ষক নিয়োগের নিশ্চয়তা দেওয়া। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ওপর যে কোনো ধরনের নিয়ন্ত্রণ বন্ধ রাখতে হবে; নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচনের ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত চলমান সব রাজনৈতিক মামলা স্থগিত রাখা এবং নতুন মামলা না দেওয়ার নিশ্চয়তা দিতে হবে।
জোটভুক্ত দলগুলো হলো বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য। এছাড়া এই ঐক্য ফ্রন্টে যুক্ত রয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মঈনুল ইসলাম ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
এর আগে মতিঝিলে গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে দিনভর বৈঠক করে ড. কামাল ও সমমনা রাজনৈতিক দলের নেতারা। ওই বৈঠকে জাতীয় ঐক্য ফ্রন্টের রূপরেখা তুলে ধরার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অন্যরা।
এসময় আরও উপস্থিত ছিলেন সুলতান মোহাম্মদ মুনসুর, মোস্তফা মহসীন মন্টু, আ ব ম মোস্তফা আমিন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আব্দুল মালেক রতন, অ্যাডভোকেট আলতাফ হোসেন, অ্যাডভোকেট জগলুল হায়দার, আ ও ম শফিক উল্লাহ, মোস্তাক আহমদসহ ঐক্য প্রক্রিয়ার নেতারা।