রবিবার উত্থান হলেও সোমবার (১৫ অক্টোবর) বড় পতনে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। একইসঙ্গে কমেছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। টাকার পরিমাণে লেনদেনও আগের দিন থেকে কমেছে।
ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই ও সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আজ ডিএসইতে ৪৯৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৩ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৫৭৬ কোটি টাকার।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৩৮৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৪৮ ও ১৮৯৯ পয়েন্টে।
এদিকে ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৯টি কোম্পানির মধ্যে ৭৫টি বা ২২.১২ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ২২৭টি বা ৬৬.৯৬ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি বা ১০.৯১ শতাংশ কোম্পানির।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ারের। এ দিন কোম্পানির ৫৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা সামিট পাওয়ারের ৩৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং ১৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ারের।
লেনদেনে এরপর রয়েছে- শাশা ডেনিমস, ড্রাগন সোয়েটার, ইফাদ অটোস, সিলভা ফার্মা, একটিভ ফাইন, ভিএফএস থ্রেড ডাইং এবং বেক্সিমকো।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ২২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৭৯ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৩৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৪৬টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির দর। সিএসইতে আজ মোট ২২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।