শেয়ারবাজারে তালিকাভুক্ত মুন্নু জুট স্টাফলার্সের লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা আগামিকাল (১৮ অক্টোবর) থেকে কার্যকর হবে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির লেনদেন গত ১৬ আগস্ট ৩০ দিনের জন্য স্থগিত করেছিল কমিশন। যা ১৯ আগস্ট থেকে কার্যকর ছিল। এবং ওই মেয়াদ শেষ হওয়ার আগেই গত ১৬ সেপ্টেম্বর ও ২ অক্টোবর নিয়ন্ত্রণ সংস্থা এ কোম্পানির লেনদেন স্থগিতের সময় ১৫ দিন করে বাড়ায়। আর বুধবার লেনদেনে স্থগিতাদেশ প্রত্যাহার করে মুন্নু জুটকে স্পটে স্থানান্তর করা হয়েছে।
কোম্পানিটির শেয়ারে কৃত্রিম চাহিদার মাধ্যমে একটি চক্র আকাশচুম্বি অবস্থায় নিয়ে যায়। যাতে কমিশন লেনদেন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছিল।
মুন্নু জুট স্টাফলার্স : লেনদেন স্থগিতের ৩ মাস আগে কোম্পানিটির শেয়ার দর ছিল ১৯৩৪.৪০ টাকা। যে শেয়ারটি ১৬ আগস্ট লেনদেন শেষে দাড়াঁয় ৪৬৩৯.৪০ টাকায়। অর্থাৎ ৩ মাসে শেয়ারটির দর বাড়ে ২৭০৫ টাকা বা ১৪০ শতাংশ।