রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) যৌথভাবে পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে কাজ করবে। এখন থেকে নিজেদের মধ্যে নিয়মিত তথ্য ও মত বিনিময় করবে সংস্থা দুটি। আজ সোমবার বিকালে আইসিবিতে অনুষ্ঠিত এক দ্বিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠক সূত্রে জানা গেছে, পুঁজিবাজারের সাম্প্রতিক অস্থিরতার প্রেক্ষিতে পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নিয়ে আলোচনা করার উদ্দেশ্যে মূলত আজকের বৈঠকটির আয়োজন করা হয়। তবে শুধু স্বল্প মেয়াদে বাজারকে চাঙ্গা করা নয়, বরং এর পাশাপাশি দীর্ঘ মেয়াদে বাজারে স্থিতিশীলতা ফেরানোর বিষয় প্রাধান্য পায় আজকের বৈঠকে।
আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিএমবিএর সভাপতি মো: নাসির উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক খায়রুল বাশার আবু তাহের মোহাম্মদ, বিএমবিএর নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল রানা ও আইসিবির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকশেষে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক জানান, পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান হিসাবে আইসিবি সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে প্রতিষ্ঠানটি আরও কী কী ভূমিকা নেওয়ার কথা ভাবছে, নতুন বিনিয়োগের অবস্থা কী হবে, বিএমবিএ আইসিবির সঙ্গে যৌথভাবে কাজ করে কীভাবে বাজার উন্নয়নে ভূমিকা রাখা যায়--এসব বিষয় আলোচনার জন্যেই আজকে এই বৈঠকের আয়োজন করা হয়।
কাজী ছানাউল হক জানান, পুঁজিবাজারের স্থিতিশীলতা রক্ষায় ভবিষ্যতে অন্যন্য বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও বৈঠকের আযোজন করা হবে।