অর্থনৈতিক উন্নয়নের অগ্রযাত্রায় গত বছর বড় একটি ধাপ পেরিয়েছে বাংলাদেশ। আর তা হলো জাতিসংঘের তালিকায় স্বল্পোন্নত (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের স্তরে নাম লেখানোর প্রাথমিক যোগ্যতা অর্জন। অবশ্য প্রাথমিক ধাপটি পেরোলেও চূড়ান্ত স্বীকৃতি অর্জনে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। জাতিসংঘের ওয়েবসাইট সূত্র অনুযায়ী, এলডিসি থেকে উন্নয়নশীল দেশের স্তরে চূড়ান্তভাবে উত্তরণ নিশ্চিত করতে হলে বাংলাদেশকে তিন বছর নির্দিষ্ট কিছু সূচকে অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।
গত মার্চের দ্বিতীয় সপ্তাহে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) বৈঠক হয়। এ বৈঠকের সিদ্ধান্তে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উত্তরণের জন্য প্রাথমিকভাবে যোগ্য ঘোষণা করা হয়। এলডিসির তালিকা থেকে বেরিয়ে আসতে নির্ধারিত তিনটি সূচকের শর্ত পূরণের মাধ্যমে বাংলাদেশ এ যোগ্যতা অর্জন করে। সূচকগুলোর মধ্যে রয়েছে মাথাপিছু আয়, বাংলাদেশের ক্ষেত্রে যা ওই সময়েই ১ হাজার ২৪২ মার্কিন ডলার পেরিয়ে যায়। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক ঝুঁকি নিরসন—এ দুটি মানদণ্ডেও উত্তীর্ণ হয় বাংলাদেশ। ১৫ মার্চ সিডিপি বাংলাদেশের প্রাথমিক উত্তরণের বিষয়টি চূড়ান্ত করে।