নভেম্বরের মাঝামাঝিতে দেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালুর ঘোষণা দেয় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সংস্থাটি প্রাথমিকভাবে এ প্রক্রিয়ায় ১১টি সেবা প্রদান শুরু করে। ডিসেম্বরের মধ্যে আরো তিনটি সেবা প্রদান কার্যক্রম শুরুর কথা জানায় তারা। এসব সেবা দিতে বিভিন্ন সংস্থা ও দপ্তরের সঙ্গে চুক্তির পরিকল্পনার কথাও বলে বেজা। ধাপে ধাপে সব সেবা চালু হলে বেজার ওএসএস কেন্দ্র থেকে বিনিয়োগকারীরা ২৭ ক্যাটাগরিতে মোট ১২৩টি সেবা পাবেন।
জানা যায়, বিনিয়োগকারীদের ওএসএস সেবা দিতে বেজা ২০১৫ সালে আইন করার উদ্যোগ নেয়। গত বছর আইন পাস হয়। পরবর্তী সময়ে এ আইনের আলোকে ওএসএস বিধিমালা জারি করা হয়। এ সেবা চালু করতে কারিগরি সহযোগিতা দিচ্ছে জাইকা। তারা নির্ধারিত সময়ের মধ্যে সফটওয়্যার তৈরি ও ওএসএস কেন্দ্র স্থাপনে কাজ করছে।
এদিকে প্রত্যন্ত গ্রামাঞ্চলের কৃষকদের দোরগোড়ায় কৃষিসেবা পৌঁছে দিতে দেশের বিভিন্ন ইউনিয়নে ‘কৃষক সেবাকেন্দ্র’ প্রতিষ্ঠার উদ্যোগ নেয় সরকার। মূলত ‘কৃষিসেবার ওয়ান স্টপ সেন্টার’ হিসেবে এসব কেন্দ্র স্থাপন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এসব কেন্দ্র স্থাপনের পর প্রত্যন্ত গ্রামের কৃষকদের কৃষিসংক্রান্ত বিভিন্ন সেবা নিতে আর উপজেলা অফিসে আসার দুর্ভোগ পোহাতে হবে না। কৃষক সেবাকেন্দ্রগুলো থেকেই সব ধরনের পরামর্শ ও সেবা নিতে পারবেন তারা। এতে তাদের সময় ও অর্থ সাশ্রয় হবে। বাড়বে উৎপাদনশীলতা।