নতুন বছরের তৈরি পোশাকসহ রফতানি শিল্পে উৎসে কর কমিয়েছে সরকার। এখন থেকে শতভাগ রফতানিমুখী শিল্পে ‘উৎসে কর’ দিতে হবে শূন্য দশমিক ২৫ শতাংশ।যা আগে ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ এখন উৎসে কর কমছে শূন্য দশমিক ৩৫ শতাংশ।
সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ২০১৯সালের ১ জানুয়ারি থেকে কর ছাড়ের এই সুবিধা পাবে রফতানিকারকরা।
উৎসে কর আদায় করা হয় মোট রফতানি মূল্যের ওপর। অর্থাৎ ১০০ টাকার পণ্য রফতানি করলে ২৫ পয়সা কর হিসেবে দিতে হবে। যা আগে ছিল ৬০ পয়সা। অর্থাৎ আগের চেয়ে কর কমেছে ৫৮ শতাংশ।
এদিকে তৈরি পোশাক রফতানিকারকদের সংগঠন বিজিএমইর দাবির পরিপ্রেক্ষিতে এই সুবিধা দেয়া হয়। তবে এনবিআর বলেছে, পোশাকসহ অন্যসব রফতানিমুখী শিল্পে সমতা আনতে একই হারে এই কর কমানো হয়। এর আগে মজুরি বৃদ্ধির কারণে অনেক কারখানা বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিলে - এই যুক্তিতে বিজিএমইএ উৎসে কর কমাতে এনবিআরে আবেদন করে। সেই আবেদনের ফলে গত ২ জানুয়ারি এনবিআর এ সংক্রান্ত সংশোধিত প্রজ্ঞাপন জারি করে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, পোশাক খাতের ন্যূনতম মজুরি মাসিক ৮ হাজার টাকা। অর্থাৎ একজন শ্রমিক কোনো পোশাক কারখানায় চাকরি পেলে শুরুতেই বেতন পাবেন ৮ হাজার টাকা, যা আগে ছিল ৫ হাজার ৩০০ টাকা। ফলে নতুন বেতন কাঠামোতে গড়ে বেতন বেড়েছে ৫১ শতাংশ।