একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্যদের শপথ ও নতুন মন্ত্রিসভা গঠনের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গিপাড়ার উদ্দেশে বুধবার সকাল ১০টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে রওনা দেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটে গণভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় বিমানবন্দরে থেকে হেলিকপ্টারযোগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন তিনি।
সকাল ১০টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়া উপজেলা কমপ্লেক্স মাঠে নির্মিত হেলিপ্যাডে তার অবতরণ করার কথা রয়েছে। এরপর বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন তিনি। এ সময় সশস্ত্র বাহিনী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করবেন।
এদিকে আজ (বুধবার) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবন এলাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে বাসযোগে রওনা দিয়েছেন মন্ত্রিপরিষদের ৪৬ সদস্য। তারাও প্রধানমন্ত্রীর সঙ্গে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।
এনা পরিবহনের তিনটি বাসে করে মন্ত্রিসভার সদস্যরা চিরায়ত প্রথা ভেঙ্গে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন। বেলা সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া পৌঁছানোর কথা রয়েছে তাদের।
প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের টুঙ্গিপাড়ায় আগমণ উপলক্ষে জেলার সর্বত্র ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সানবিডি/ এইচ এন