এখন থেকে খাদ্যে ভেজাল মিললে জেলে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।তিনি বলেন ভেজাল খাদ্য বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান-জরিমানা খুব একটা কাজ হচ্ছে না। তাই এখন থেকে খাদ্যে ভেজাল পাওয়া গেলে অপরাধীদের জেলে পাঠানো হবে।
গতকাল দুপুরে দক্ষিণ সিটি করপোরেশনের সাত মসজিদ রোড এলাকায় সপ্তাহব্যাপী ভেজালবিরোধী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র খোকন বলেন, ভেজালবিরোধী অভিযান অব্যাহত রয়েছে, আমরা বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করলেও ভেজাল বন্ধ করতে সক্ষম হইনি। এখন থেকে আমরা কঠোর সিদ্ধান্ত নিয়েছি।
খাদ্যে ভেজাল প্রমাণিত বা প্রতীয়মান হলে জেলে পাঠানোর ব্যবস্থা করবো, সেটা প্রতীকী হলেও করবো। এখন কোনো প্রতিষ্ঠানের খাবারে ভেজাল প্রমাণিত হলে তাকে জেলে পাঠানো হবে। তিনি আরো বলেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বিভিন্ন সংস্থা অভিযানে নেমেছে। আমরাও নিয়মিত কাজ অব্যাহত রেখেছি।
এরপরও ভেজাল বন্ধ হয়নি। তাই আজ থেকে কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছি। পরে সাত মসজিদ রোডের স্টার কাবাবে যায় ভেজালবিরোধী ভ্রাম্যমাণ আদালত। সেখানকার রান্নাঘরের পরিবেশ ভালো না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সিটি করপোরেশন ছাড়াও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বিএসটিআই,র্যাব ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযান দিনভর চলবে বলে জানিয়েছেন ডিএসসিসির কর্মকর্তারা।