ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর পাহাড়ি জেলা নীলগিরি। চা উৎপাদন ও বিপণনের জন্য এ জেলার বিশেষ খ্যাতি রয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর মধ্যে এখানেই সবচেয়ে বেশি চা উৎপাদন হয়। ২০১৮ সালে নীলগিরির আবহাওয়া ছিল চা উৎপাদনের অনুকূলে। এ কারণে বছরজুড়ে এ জেলায় চায়ের বাম্পার ফলন হয়েছে।
বিদায়ী বছরে নীলগিরিতে পানীয় পণ্যটির উৎপাদন আগের বছরের তুলনায় আড়াই শতাংশের বেশি বেড়ে ১ কোটি সাড়ে ৫৮ লাখ কেজি ছাড়িয়ে গেছে। টি বোর্ড অব ইন্ডিয়ার (টিবিআই) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর বিজনেস লাইন ও ইকোনমিক টাইমস।
টিবিআইয়ের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে নীলগিরির বাগানগুলোয় সব মিলিয়ে ১ কোটি ৫৮ লাখ ৮০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫২ শতাংশ বেশি। ২০১৭ সালে স্থানীয় বাগানগুলোয় সব মিলিয়ে ১ কোটি ৫৪ লাখ ৯০ হাজার কেজি চা উৎপাদন হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে নীলগিরির বাগানগুলোয় চা উৎপাদন বেড়েছে ৩ লাখ ৯০ হাজার কেজি।
২০১৮ সালজুড়ে নীলগিরিতে তুলনামূলক উষ্ণ আবহাওয়া বজায় ছিল। বর্ষাকালে পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে। এর জের ধরে বিদায়ী বছরে নীলগিরিতে চা উৎপাদন বেড়েছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
এদিকে মাসভিত্তিক হিসাবে সর্বশেষ ডিসেম্বরে নীলগিরিতে চা উৎপাদনে সবচেয়ে বেশি চাঙ্গাভাব বজায় ছিল। এ সময় এখানকার বাগানগুলোয় সব মিলিয়ে ১০ লাখ ১০ হাজার কেজি চা উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৭ দশমিক ৪৪ শতাংশ বেশি।