নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী ধারায় ফিরছে দেশের পুঁজিবাজার।চলতি বছরের জানুয়ারি মাসের ১৫ দিনের মধ্যে ১১ দিন পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এর মধ্যে আট দিনই সূচক ছিল ঊর্ধ্বমুখী। এই সময়ে ডিএসইর এক্স সূচক ৫ হাজার ৩৮৫ পয়েন্ট থেকে বেড়ে ৫ হাজার ৮৬৩ পয়েন্টে উন্নীত হয়েছে। অন্যদিকে সূচকের এই উত্থানের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আর্থিক ও শেয়ার লেনদেন। চলতি জানুয়ারি মাসে লেনদেন হওয়া ১১ দিনের মধ্যে পাঁচ দিন ডিএসইতে আর্থিক লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। অথচ জানুয়ারির আগে সাড়ে তিন মাসের একদিনও ডিএসইতে এক হাজার কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়নি।
এর আগে, গত সর্বশেষ ১৩ সেপ্টেম্বর ডিএসইতে ১ হাজার ৬৪ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছিল। ওই দিনের পর গত ৬ জানুয়ারিতে প্রথমবারের মতো হাজার কোটি টাকার লেনদেন ছাড়ায় ডিএসইতে। সেদিন ১ হাজার ২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। পরে গতকাল মঙ্গলবারসহ (১৫ জানুয়ারি) আরও চার দিন লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে।