গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অস্থায়ী বকশীবাজার আলিয়া মাদ্রাসার আদালতে উপস্থিত থাকার কথা থাকলেও , অসুস্থ হওয়ায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেনের আদালতে শুনানির সময় বুধবার (১৬ জানুয়ারি) রাষ্ট্র পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল একথা বলেন। তিনি জানান, খালেদার পায়ে ফোড়া হয়েছে।
পুলিশের চকবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, আদালতে আজ খালেদাকে নিয়ে আসতে পারবেন না কারা কর্তৃপক্ষ। পুলিশের সব ধরনের প্রস্তুতি ছিল তাকে নিয়ে আসতে নিরাপত্তার ব্যাপারে। কিন্তু কি কারণে তাকে নিয়ে আসা হলো না তা বলতে পারেননি ওসি।
কারা অধিদফতরের একজন উর্ধ্বতন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় তিনি আদালতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে কি ধরনের অসুস্থ তা জানাতে অপারগতা প্রকাশ করেন এই কারা কর্মকর্তা।
অন্যদিকে, একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা সারাবাংলাকে বলেন, খালেদা জিয়ার কয়েকদিন ধরে জ্বর। চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো পুরোপুরি সুস্থ নন। আজ ঘুম থেকে উঠতেও অনেক দেরি করেছেন তাই তাকে আদালতে নিতে পারেনি কারা কর্তৃপক্ষ।
এদিকে আদালত সূত্র জানিয়েছে, যেহেতু খালেদা জিয়া নিয়মিত আদালতে হাজির হতে পারছেন না। তাই এই মামলাটিও বকশিবাজার থেকে কারা আদালতে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
এদিন আদালত ১১.৪৭ মিনিটে শুরু হয়ে ১২. ১০ মিনিটে শেষ হয়। আদালত শুরুতেই মোশাররফ হোসেন কাজল বলেন, মামলাটি দীর্ঘদিন চার্জ শুনানি জন্য রয়েছে। এখন মামলাটি সম্পুর্ন শুনানির জন্য প্রস্তুত রয়েছে। খালেদা জিয়া না আসলেও অন্যান্য আসামি পক্ষের চার্জ শুনানি অনুরোধ জানান।