বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, সরকার ঘোষিত ২০২১ সালের মধ্যে ৬০ বিলিয়ন রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে দেশের প্লাস্টিক খাতকে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে। প্লাস্টিক বাংলাদেশের একটি সম্ভাবনাময় খাত।
রাজধানীর রেডিসন হোটেলে বাংলাদেশ প্লাস্টিক গুডস অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত চার দিনব্যাপী ১৪তম বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং অ্যান্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রিয়াল ফেয়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে এখন প্রায় ২৫ হাজার কোটি টাকা মূল্যের প্লাস্টিক পণ্য উৎপাদ এবং বিক্রয় হচ্ছে। বিভিন্ন খাতের মাধ্যমে প্লাস্টিক পণ্য রফতানি হচ্ছে ৩ হাজার কোটি টাকা এবং সরাসরি রফতানি হচ্ছে ১ হাজার কোটি টাকা। রফতানিতে বাংলাদেশের অবস্থান ১২তম। এখানে ১২ লাখের বেশি মানুষ কাজ করার সুযোগ পাচ্ছে। দেশের প্লাস্টিক সেক্টরকে সরকার গুরুত্বপূর্ণ সেক্টর হিসেবে বিবেচনা করছে।
গত বছরের চেয়ে এবার অংশগ্রহণকারী প্রতিষ্ঠান বৃদ্ধির পরিমাণ সাড়ে ৬ ভাগ।এবারের মেলায় বিশ্বের ১৯টি দেশের ৪৬০টি কোম্পানির ৭৮০টি প্রতিষ্ঠান অংশ নেয়।
বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লুনা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এ এস এম কামাল উদ্দিন, ওয়ার্কার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং এর প্রেসিডেন্ট জুডি ওয়াং। এতে স্বাগত বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন আহমেদ।