ইতিমধ্যে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।মেলার প্রধান গেট দিয়ে প্রবেশ করে একটু পশ্চিম দিকে গেলেই চোখে পড়বে থাই প্যাভিলিয়ন।এই প্যাভিলিয়নে থাকা সিংভাগ স্টলেই শিশু ও নারীদের সামগ্রী বিক্রি হচ্ছে।শুক্রবার থেকে পুরোপুরি মেলার চিত্র পাল্টাতে শুরু করেছে।সোমবারও ক্রেতা-দর্শনার্থীদের আনাগোনা দেখা গেছে বেশ।
এক বিক্রয় কর্মী জানান, তাদের স্টলে নারীদের সাজসজ্জার বিভিন্ন পণ্যের পাশাপাশি হ্যান্ডব্যাগ রয়েছে। শিশুদের জন্য রয়েছে বিভিন্ন ধরণের খেলনা।সব পণ্য থাইল্যান্ড থেকে আনা। এ জন্য দাম তুলনামূলক একটু বেশি।
মেলার দক্ষিণ দিকে শিশু ও নারী সামগ্রীর স্টল দিয়ে বসেছেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, মেলার প্রথম দিন থেকেই আমরা বিক্রি শুরু করেছি। তবে প্রথম কয়েকদিন ক্রেতা তেমন ছিল না। শুক্রবার ও শনিবার যথেষ্ট ভালো বিক্রি করেছি। আমাদের স্টলে শিশু খেলনা ও নারীদের সাজসজ্জার প্রায় সব পণ্যই আছে। এখন পর্যন্ত নারীদের পণ্যই বেশি বিক্রি হয়েছে। আমাদের প্রত্যাশা মেলার দিন যত গড়াবে বিক্রি ততো ভালো হবে।
বাণিজ্য মেলার প্রধান গেট দিয়ে প্রবেশ করে উত্তরদিক ঘেঁষে পূর্বদিকে অগ্রসর হলে দেখা মিলবে যে কোনো পণ্য ১৫০ টাকা বিক্রির ‘মা ইন্টারন্যাশনাল’ নামের একটি স্টল।স্টলটিতে কথা হয় বিক্রয়কর্মী মো. শরিফের সঙ্গে। তিনি বলেন, আমাদের স্টলে খেলনা গাড়ি, ট্রেন, বিল্ডিং, পিস্তলের পাশাপাশি রান্না করার ফ্রাইপেন, কারিকুকার, পিঠা বানানোর সাচ, পানির বোতলসহ বিভিন্ন রান্না করার সামগ্রী পাওয়া যাবে। এর সঙ্গে আছে দেয়াল ঘড়িসহ ঘর সাজানোর বিভিন্ন শোপিস।
তিনি বলেন, মেলার প্রথম থেকেই আমাদের বিক্রি মোটামুটি ভালো। তবে সব থেকে বেশি বিক্রি হচ্ছে শিশু খেলনা। আমরা যেসব শিশু খেলনা ১৫০ টাকায় বিক্রি করছি, এসব খেলনা বাহির থেকে কিনতে গেলে ২০০ টাকার ওপরে খরচ হবে।