জনগণের ভোটাধিকার লুট ও মা-বোনদের সম্ভ্রম হরণকারী আওয়ামী লীগকে দেশের মানুষ কখনই ক্ষমা করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার ২২ জানুয়ারী ঠাকুরগাঁও পৌর এলাকায় নির্বাচনোত্তর এক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কিংবা জাতীয় ঐক্যফ্রন্টের পরাজয় হয়নি, হয়েছে আওয়ামী লীগের। এ দলটি লজ্জা থাকলে আর কখনই গণতন্ত্রের কথা মুখে আনতে পারবে না।
তিনি বলেন,দেশের মানুষ ভোট ডাকাতি, কারচুরি ও প্রহসনের এই ভোট প্রত্যাখ্যান করেছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও ভোট ডাকাতির চিত্র দেখেছে। তারা অভিযোগ খতিয়ে দেখতে বলেছে। মূলত ৩০ ডিসেম্বর দেশে কোনো ভোটই হয়নি।
মির্জা ফখরুল বলেন, ভোট ডাকাতির সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না। সারা বিশ্ব দেখেছে- আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হতে পারে না।
তিনি দ্রুত সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে অনতিবিলম্বে পুনর্নির্বাচনের দাবি জানান।