প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্যোগ প্রতিরোধ করতে হয়ত পারবো না, কিন্তু আমাদের দূরদর্শী কাজের মাধ্যমে দুর্যোগে যে ক্ষতিসাধন হয়, সেই ক্ষতির পরিমাণ হ্রাস করতে আমরা পারি। বাংলাদেশে আমরা ক্ষয়ক্ষতি হ্রাসের প্রশমন কর্মসূচির উপরেই সব থেকে বেশি গুরুত্বারোপ করেছি।’
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিভিল-মিলিটারি মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় গ্রুপ (আরসিজি)-’র চতুর্থ সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ২৪ লাখ আনসার-ভিডিপি সদস্য, ১৭ লাখ স্কাউট, চার লাখ বিএনসিসি এবং গার্লস গাইডের চার লাখ সদস্য যে কোনো দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসাবে প্রস্তুত রয়েছে এবং তারা প্রশিক্ষণপ্রাপ্ত। এছাড়াও বর্তমানে ৩২ হাজার নভো স্বেচ্ছাসেবক এবং ৫৬ হাজার মানুষ সিপিপি’র স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করছেন বলেও উল্লেখ করেন তিনি।