মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে, চীনে উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-২৫ ১৬:১৯:৫৯


চীনের বলয়ের মধ্যে তাইওয়ানকে আনার পরিকল্পনার মধ্যেই দুটি মার্কিন যুদ্ধজাহাজ ফের তাইওয়ান প্রণালীকে যাত্রাপথ হিসেবে ব্যবহার করেছে। এ নিয়ে চীনে উত্তেজনা দেখা দিয়েছে।

জাহাজদুটি প্রণালীটির উত্তর দিক ধরে অগ্রসর হয়। আন্তর্জাতিক আইনের বিধি মেনেই এ যুদ্ধজাহাজগুলো তাইওয়ান প্রণালীতে ঢুকেছে বলেও দাবি তাদের।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুই মাসের ব্যবধানে ফের তাইওয়ান প্রণালীতে মার্কিন নৌযানের উপস্থিতি বেইজিংয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ বাড়িয়ে তুলবে বলেই ধারণা পর্যবেক্ষকদের।

এ ঘটনা তাইওয়ান-চীন সম্পর্ককে আরও তিক্ত করবে এবং ওয়াশিংটন-বেইজিং উত্তেজনায় নতুন মাত্রা যোগ হবে।

চীন তাইওয়ানকে তার নিজের ভূখণ্ডের অংশ মনে করে। তাইওয়ানে স্বাধীনতাপন্থি প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন দায়িত্ব নেওয়ার পর থেকেই তার প্রশাসনের সঙ্গে বেইজিংয়ের টানাপোড়েন প্রকাশ্য হয়েছে।

চীন তাইওয়ানকে জোর করে দখলে নিতে পারে এ শঙ্কায় ওয়াশিংটন বারবারই তাইপেকে পাশে থাকার আশ্বাস দিয়েছে। এরই ধারাবাহিকতায় গত বছর তিন বার কৌশলগত প্রণালীটিতে তিন দফা যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন।