আগামী পাঁচ বছরের মধ্যে আবার ফেনী-বিলোনীয়া রেলপথ চালু করা হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনী রেল স্টেশনে যাত্রা বিরতির সময় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রেল বিভাগে কোন ধরণের দুর্নীতি হলে তা ছাড় দেওয়া হবে না। রেলওয়েকে উন্নত দেশগুলোর রেলওয়ের মতো ঢেলে সাজানো হবে। ইতোমধ্যেই বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সরাসরি দ্রুতগতির (হাইস্পিড) ট্রেন প্রকল্পের কাজ শুরু করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে মাত্র ১ ঘণ্টা ৯ মিনিটে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে।’
ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, ‘আগামী পাঁচ বছরের মধ্যে ফেনী-বিলোনীয়া রেলপথ ফের চালু করা হবে। ১৯৬৫ সালের আগে ভারতের সঙ্গে সংযোগ সৃষ্টিকারী যেসব রেললাইন ছিল আমরা সেসব আবার চালু করার পরিকল্পনা হাতে নিয়েছি। কাজেই নির্ধারিত সময়ের মধ্যেই এ লাইনটিও চালু হবে।’
এ সময় আরো উপস্থিত ছিলেন রেলওয়ের মহাপরিচালক (ডিজি) কাজী মো. রফিকুল আলম, অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়া জাহান, রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলীয় জেনারেল ম্যানেজার ওমর ফারুক, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান প্রমুখ।