একসময়ের মাঠ দাপিয়ে বেড়ানো পাকিস্তানি ক্রিকেটার মুশতাক আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস ছিলেন। হ্যাঁ পাঠক এমন তথ্যই দেয়া আছে উইকিপিডিয়ায়। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’ পাতায় জিএস হিসেবে তার নাম রয়েছে। সেখানে যে লিংক রয়েছে তাতে ক্লিক করলে মুশতাক আহমেদের জীবন বৃত্তান্ত চলে আসে। তিনি যখন জিএস ছিলেন তখন ডাকসুর ভিপি ছিলেন সুলতান মনসুর যিনি বর্তমানে ঐক্যফ্রন্টের অধীনে নির্বাচন করে এমপি হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ডাকসু নির্বাচনে সেসমেয় জিএসের প্রকৃত নাম হলো মুশতাক হোসেন। সাবেক ছাত্রলীগ নেতা ও ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদের সঙ্গে ১৯৮৯-৯০ মেয়াদের ডাকসুর দায়িত্ব পালন করেছেন তিনি।

আর উইকিপিডিয়ার পাতায় মুশতাক হোসেনের স্থলে লিখা হয়েছে পাকিস্তানের মুশতাক আহমেদ। উইকিপিডিয়া’র ওই পাতায় ডাকসুকে ‘ঢাকসু’ হিসেবেও লেখা হয়েছে।
উল্লেখ্য, এর আগে জনপ্রিয় কথাসাহিত্যিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালকে মৃত বলে উল্লেখ করেছিল মুক্ত ইন্টারনেট বিশ্বকোষ উইকিপিডিয়া। এনিয়ে তোলপাড় শুরু হলে পরে তা পরিবর্তন করা হয়।