সম্প্রতি গার্মেন্টস শিল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন সংঘটিত হয়।এ আন্দোলনের কারণ দেখিয়ে শ্রমিকদের চলমান হয়রানি ও গণগ্রেফতার বন্ধের দাবি জানিয়েছে শ্রমজীবী ও শিল্পরক্ষা আন্দোলন নামক একটি সংগঠন।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে মাওলানা মোহাম্মদ আকরাম খান হলে আয়োজিত 'গার্মেন্টস শিল্পের মজুরি প্রসঙ্গ: বাঁচার মতো মজুরি না দিয়ে দমন-নির্যাতন কার স্বার্থে?' শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
এ সময় বক্তারা বলেন, শ্রমিক আন্দোলনের কারণে গত ৯ জানুয়ারি একটি ত্রিপাক্ষিক কমিটি গঠনের মাধ্যমে মজুরি নির্ধারণ করা হয়। কিন্তু এতে শ্রমিকদের ন্যায্য পাওনা আসেনি। মালিকপক্ষ মজুরি বৃদ্ধির পরিবর্তে চরম নির্যাতনের মাধ্যমে আন্দোলন দমনের পথ গ্রহণ করেছে। হাজারো শ্রমিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। অনেকেই স্থানীয় মাস্তান, প্রভাবশালীদের যন্ত্রণায় বাসায় থাকতে পারছে না। এছাড়াও অনেককে চাকরিচ্যুত করা হচ্ছে।
বক্তারা আরও বলেন, মালিকপক্ষ শ্রমিকদের জীবনযাপনের ক্ষেত্রে ন্যূনতম মজুরি দিতে ব্যর্থ হয়েছে। আমরা অবিলম্বে শ্রমিকদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের পাশাপাশি শ্রমিক ছাঁটাই বন্ধের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।
সভায় উপস্থিত ছিলেন- শ্রমজীবী ও শিল্পরক্ষা আন্দোলনের সদস্য সচিব হারুনুর রশীদ ভূঁইয়া, সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বজলুর রহমান বাবলু, শ্রমিক নেত্রী জলি তালুকদার, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি সাদেক হোসেন স্বপন প্রমুখ।