আবারো ওয়াশিংটন-বেইজিং বাণিজ্যযুদ্ধের আভাস

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০১-২৯ ১৮:৪৯:৩৬


মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে ইরানের সঙ্গে বাণিজ্যের অভিযোগে বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। এই ব্যবস্থা গ্রহণের ফলে আবারো বেইজিং ও ওয়াশিংটনের আলোচনায় বাণিজ্যযুদ্ধ শুরু হতে পারে।

হুয়াওয়ে ও এর প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মেং ওয়ানঝুর বিরুদ্ধে তেহরানের সঙ্গে ব্যবসা ও এসব তথ্য লুকিয়ে যুক্তরাষ্ট্রের ইরান নিষেধাজ্ঞা লঙ্ঘন ষড়যন্ত্রের অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ ।

চীনা এ টেলিকম জায়ান্ট মার্কিন টি-মোবাইল কোম্পানির কাছ থেকে রোবোটিকবিষয়ক প্রযুক্তি চুরি করেছে বলেও আরেকটি অভিযোগে জানিয়েছে তারা।

হুয়াওয়ে এ অভিযোগ অস্বীকার করে বলেছে, ২০১৭ সালেই টি-মোবাইলের সঙ্গে তাদের এ বিষয়ক দ্বন্দ্বের অবসান হয়েছে।

হুয়াওয়ে বিশ্বের সবচেয়ে বড় ইলেকট্রনিকস সেলুলার টাওয়ার নির্মাতা ও বিশ্বের তৃতীয় বৃহত্তম অত্যাধুনিক মোবাইল নির্মাণকারী প্রতিষ্ঠান।

বিশ্বের অন্যতম প্রভাবশালী এ প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান যে গোপনে ইরানের সঙ্গে ব্যবসা করছে তা নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। ২০১২ ও ২০১৩ সালে আলাদা অনুসন্ধানী প্রতিবেদনে রয়টার্সও এ বিষয়ে সন্দেহ উসকে দিয়েছিল।

এর আগে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে চীনের প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের প্রতিষ্ঠাতা রেন ঝেংফেইয়ের মেয়ে মেং ওয়ানঝুকে ১ ডিসেম্বর বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে কানাডার কর্তৃপক্ষ। মেং হুয়াওয়ের প্রধান আর্থিক কর্মকর্তা ও ডেপুটি চেয়ারম্যান।

পরে জামিনে মুক্ত মেংয়ের মঙ্গলবার ফের ব্রিটিশ কলাম্বিয়া সুপ্রিমকোর্টে হাজিরা দেওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্র তাকে তাদের কাছে হস্তান্তরে আনুষ্ঠানিক আবেদনও জানিয়েছে বলে কানাডার বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিবিসি জানিয়েছে।

এদিকে মেংয়ের গ্রেফতারের ‘বদলা হিসেবে’ চীনা নিরাপত্তারক্ষীরাও এরই মধ্যে অন্তত দুজন কানাডীয় নাগরিককে আটক করেছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের।