একাদশ জাতীয় সংসদ বাতিল করে নতুন নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের দাবি জানিয়েছে বিএনপি। পাশাপাশি খালেদা জিয়ার মুক্তিও দাবি করেছে দলটি। মুক্ত খালেদা জিয়ার নেতৃত্বে নিরপেক্ষ সরকারের অধীনে ‘পুন:নির্বাচন’-এ অংশ নিতে চায় তারা।
একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আজ। এই অধিবেশন শুরুর প্রতিবাদে মানববন্ধন করা কালিন এ দাবি জানায় বিএনপি।
বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন শুরু হয়েছে। মানববন্ধনে বিএনপির কয়েকশো নেতাকর্মী জড়ো হয়েছেন।
মানববন্ধনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত আছেন।
বিএনপির এ কর্মসূচি ঘিরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ আজ বুধবার যাত্রা শুরু করছে। বিকেল ৩টায় শুরু হতে যাচ্ছে প্রথম অধিবেশন। রেওয়াজ অনুযায়ী এই অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।