আবারো গাজা সীমান্তে বেড়া দিচ্ছে ইসরায়েল  

সান বিডি ডেস্ক আপডেট: ২০১৯-০২-০৫ ১৯:১৪:৪৬


ফিলিস্তিনীদের প্রবেশ ঠেকাতে গাজা সীমান্তে আবারো নতুন করে বেড়া নির্মাণের কথা জানিয়েছে ইসরায়েল। নতুন এই বেড়া হবে ৬৫ কিলোমিটার দীর্ঘ এবং ৬ মিটার উঁচু।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, ইতিমধ্যেই তারা বেড়া নির্মাণের কাজ শুরু করেছে৷ এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, বেড়ার সাথে যুক্ত এমন ভূগর্ভস্থ দেয়ালও নির্মাণ করছে তারা৷ এর ফলে হামাস গেরিলারা সীমান্তে টানেল নির্মাণে ব্যর্থ হবে৷

মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে  প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘বেড়াটি আমাদেরকে গাজার সন্ত্রাসীদের হাত থেকে  রক্ষা করবে৷’ মিশরীয় সীমান্তে যে ধরনের বেড়া রয়েছে এটা ঠিক সেরকম হবে বলে জানান তিনি৷ তবে এর বিশেষত্ব হলো এটি তৈরিতে ২০ হাজার টন ঝালাই করা ইস্পাত ব্যবহার করা হবে৷

গাজা সীমান্তে গত কয়েকমাস ধরে ফিলিস্তিনীদের বিক্ষোভের পরই এই বেড়া নির্মাণের কাজ শুরু হয়৷ ফিলিস্তিনীদের দাবি, ১৯৪৮ সালে যেসব স্বজন ইসরায়েলে পালিয়ে গিয়েছিলেন, তাদের ফেরত দিতে হবে এবং গাজার বিরুদ্ধে ইসরায়েলের অবরোধ তুলে নিতে হবে৷

ইসরায়েলি বাহিনীর হামলায় গত বছরের মার্চ থেকে এ পর্যন্ত  অন্তত ২৪৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন৷ তাদের বেশিরভাগই মারা গেছেন সীমান্তে প্রতিবাদ করতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অথবা বিমান হামলায়। অন্যদিকে, ফিলিস্তিনীদের হামলায় ইসরায়েলের দুইজন সেনা নিহত হয়েছে৷