শতভাগ স্বচ্ছতা নিয়ে কাজ করার নির্দেশনা দিযেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম । যারা এর বাইরে যাবেন তাদের জায়গা হবে জেলখানায় বলে জানান তিনি।
বুধবার ৬ ফেব্রুযারী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) আয়োজিত রিহ্যাব মেলা-২০১৯ উদ্বোধনকালে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।
এ সময় মন্ত্রী বলেন, আমাদের কিছু অসাধু কর্মকর্তা আছেন। তাদের কারণেই বেআইনিভাবে ভবন নির্মাণ করা হয়। কিন্তু রাজউক যখন বেআইনিভাবে নির্মিত ভবন ভাঙতে যায়, তখন কষ্টের টাকায় কেনা গ্রাহকরা ক্ষতিগ্রস্ত হন।
তিনি আরও বলেন,নাগরিকের আবাসন নিশ্চিত করা আমাদের নির্বাচনী অঙ্গীকার ছিল । এরই আলোকে ইতিমধ্যে বেসরকারিভাবে দুই লাখ ফ্ল্যাট ও ৭০ হাজার প্লট গ্রাহকদের হস্তান্তর করা হয়েছে।
মন্ত্রী বলেন, দুটি ব্যবসাকে মানুষ ভয় পায় একটি ম্যানপাওয়ার ও অন্যটি অসাধু আবাসন ব্যবসা। এ অবস্থা দূর করে মানুষের মধ্যে আস্থা ফেরাতে হবে।