সারাদেশের বিভিন্ন সড়কে চলাচলকারী শতকরা ৩৩ ভাগ যাত্রীবাহী বাসের ফিটনেস সার্টিফিকেট নেই বলে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি( বিআরটিএ)। এছাড়া, ৫৬ শতাংশ বাসের গতি নিয়ন্ত্রক সার্টিফিকেট নেই বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার ৭ ফেব্রুয়ারী বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে দাখিল করা ১৫০ পৃষ্ঠার প্রতিবেদন থেকে এ তথ্য উঠে আসে।
আইনজীবী মো. রাফিউল ইসলাম আদালতে বিআরটিএ’র পক্ষে প্রতিবেদন দাখিল করেন । অন্যদিকে উপস্থিত ছিলেন রিট আবেদনকারী আইনজীবী মো. তানভির আহমেদ।
এর আগে, গত ৩১ জুলাই বিশেষজ্ঞ কমিটির মাধ্যমে ফিটনেসহীন পরিবহনের ওপর জরিপ চালিয়ে তিন মাসের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট।