ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতৃবৃন্দ আজ বৃহষ্পতিবার (০৭-০২-২০১৯) মাননীয় অর্থমন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল-এর সাথে এক আলোচনায় মিলিত হন। পরিকল্পনা মন্ত্রণালয়ের জাতীয় অর্থনৈতিক কমিশন (এনইসি) মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর জনাব ফজলে কবির, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ মোশাররফ হোসেন ভূইয়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ হাবিবুর রহমান খান সভায় উপস্থিত ছিলেন।
এফবিসিসিআই সভাপতি জনাব মো: শফিউল ইসলাম মহিউদ্দিন ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি শেখ ফজলে ফাহিম, সহ- সভাপতি জনাব মোঃ মুনতাকিম আশরাফ এবং পরিচালক মিসেস হাসিনা নেওয়াজ, মিসেস প্রীতি চক্রবর্তী, জনাব আবু নাসের, জনাব আবু মোতালেব, জনাব মোঃ হাবিব উল্ল্যাহ ডন, জনাব সালাহউদ্দিন আলমগীর, জনাব নিজামউদ্দিন রাজেশ এবং হাফেজ হারুন অর রশিদ আলোচনায় অংশ নেন।
এফবিসিসিআই সভাপতি দেশের ব্যাংক খাতের সুদের হার কমানো, খেলাপি ঋণ পরিস্থিতির উন্নয়ন, সুষম ও কল্যাণমুখী বাজেট প্রণয়ন এবং দেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য মাননীয় অর্থমন্ত্রীকে অনুরোধ জানান।
মাননীয় অর্থমন্ত্রী আগামী জাতীয় বাজেটে কর ও শুল্ক হার যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়ে ব্যবসায়ী নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। সঠিক রাজস্ব আহরণের লক্ষ্যে তিনি কর হার কমিয়ে করের পরিধি বাড়ানোর বিষয়ে অঙ্গীকার করেন।
জনাব সালমান এফ রহমান বৈঠকে উল্লেখ করেন যে, সরকার ব্যবসা পরিচালনা ব্যয় কমানো এবং বিআইডিএ’র ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকরের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।আলোচনা সভায় এফবিসিসিআই অধিভূক্ত বিভিন্ন চেম্বার এবং এসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশ নেন।