শ্রমিক নির্যাতন ও পাচাররোধে দালালমুক্ত করার পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০২-১২ ১৪:৫৩:৫৭


প্রবাসী শ্রমিক নির্যাতন ও অবৈধভাবে পাচার রোধে অসাধু নিয়োগকারী দালালদের কোণঠাসা করে ফেলার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ। সার্টিফায়েড এজেন্টদের একটি তালিকা করার মাধ্যমে এমনটা করা হবে। এ পদ্ধতি বাস্তবায়ন হলে বিদেশে শ্রমিক পাঠানোর খরচ কমে আসার সম্ভাবনা রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠাতে ফি হিসেবে খরচ পড়ে কয়েক হাজার ডলার। এরপরও শ্রমিকদের সহ্য করতে হয়  নির্যাতন ও পাচার। তাই সকল  বাংলাদেশী শ্রমিকদের এসব অনাচার থেকে মুক্ত করার জন্য এ পরিকল্পনা নিয়েছে বাংলাদেশের সমাজকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ৭৫ লক্ষাধিক বাংলাদেশী রয়েছে  বলে সরকারি রিপোর্টে  বলা হয়েছে, ।

বিগত ২০১৭ সালে কমপক্ষে ১০ লাখ মানুষ বিদেশে কর্মসংস্থানে গিয়েছেন। এটা এযাবতকালের সর্বোচ্চ রেকর্ড। এ বিষয়ে সমাজকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র কর্মকর্তা রওনক জাহান রয়টার্সকে বলেছেন, এ পরিকল্পনায় রিক্রুটমেন্ট এজেন্সিগুলোকে বলা হবে তাদের হয়ে অনানুষ্ঠানিকভাবে যারা ব্রোকার হিসেবে কাজ করছে তাদের সম্পর্কে বিস্তারিত জানাতে। এ তথ্য পাওয়ার পর আমরা ওইসব নাম প্রকাশ করে দেবো। জানিয়ে দেবো সার্টিফায়েড ব্রোকারদের নাম। এতে জনগণ সচেতন হবে। এ উদ্যোগে মানবপাচার প্রতিরোধ করা যাবে।

উল্লেখ্য,কাজের খোজে বিদেশ যেতে বাংলাদেশের বিপুল সংখ্যক অভিবাসী নির্ভর করেন ব্রোকার বা দালালদের ওপরে। রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিচার্স ইউনিটের তথ্যমতে, ওইসব মানুষের প্রায় অর্ধেকই নানা রকম প্রতারণা ও হয়রানির শিকার হন।

গত একবছরে বিদেশে কর্মরত অবস্থায় প্রায় ৩৮০০ বাংলাদেশী শ্রমিক মারা যান। ২০০৫ সালের পর এটি এক বছরে মারা যাওয়া সর্বোচ্চ শ্রমিকের সংখ্যা। এতে বিদেশে শ্রমিকদের ওপর অশোভন আচরণের বিষয়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এক্ষেত্রে সরকারি প্রস্তাবনার প্রশংসা করেছে অভিবাসীদের অধিকার বিষয়ক গ্রুপগুলো। তারা বলেছে, এতে গ্রামীণ অঞ্চলে অভিবাসী হিসেবে কাজ করতে যাবেন যেসব শ্রমিক তাদের জন্য সহায়ক হবে। এতে তারা প্রতারিত হবেন না। প্রতারিত হলে তারা আদালতে ন্যায়বিচার দাবি করতে পারবেন।

বাংলাদেশে এক হাজার ২ শতাধিক লাইসেন্সধারী রিক্রুটমেন্ট এজেন্সি আছে। কিন্তু তাদের বেশির ভাগই শহরে। কিন্তু জনগোষ্ঠীর বেশির ভাগই যে গ্রামে বাস করেন, তাদের ধরাছোঁয়ার বাইরে থাকে এসব এজেন্সি। এমনটা বলেছেন অভিবাসীদের অধিকার বিষয়ক সংগঠন অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রামের চেয়ারম্যান শাকিরুল ইসলাম। তিনি বলেন, ওই কারণে বিদেশে কাজের সন্ধানকারীরা এসব এজেন্সির নাগাল পাওয়ার জন্য একজন দালাল ধরেন বিদেশে যাওয়ার জন্য। একই সময়ে এজেন্সিগুলোরও রয়েছে সক্ষমতায় ঘাটতি। তারাও দালালের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

বিদেশে কাজের সন্ধান করেন যেসব শ্রমিক তার মধ্যে সবচেয়ে বেশি খরচের অন্যতম দেশ হলো বাংলাদেশ। জাতিসংঘের হিসাব মতে বাংলাদেশ থেকে বিদেশে যেতে হলে কিছু অভিবাসী শ্রমিককে ফি পরিশোধ করতে হয় ৮৫০০ ডলার। এমন এই খরচের সবটাই যে ডকুমেন্ট বা কাগজপত্রভিত্তি তা নয়। তাই যখন কোনো শ্রমিক নির্যাতিত হয়ে দেশে ফেরেন তখন তারা আদালতের আশ্রয় নিতে পারেন না। এ কথা বলেছেন আরএমএমআরইউয়ের মেরিনা সুলতানা। তিনি আরো বলেন, এক্ষেত্রে একমাত্র ডকুমেন্ট হলো সরকারি ফি-এর রিসিপ্ট কপি। এর মাঝামাঝি যে বিপুল অংকের অর্থ লেনদেন হয় তার দায়িত্ব কেউ নেয় না। তাই এসব অর্থ কোথায় গেছে, কার হাতে গেছে তা প্রমাণের কোনো উপায় নেই।

পার্টটাইম ভিত্তিক তিনটি রিক্রুটমেন্ট এজেন্সিতে ব্রোকার হিসেবে কাজ করেন মোহাম্মদ পারভেজ। তিনি বলেন, যদি এক্ষেত্রে মধ্যস্থতাকারী ব্যক্তি (দালাল)কে সরকারি কোনো ডকুমেন্ট দেয়া হয় তাহলে প্রতারণা ও জালিয়াতি কমিয়ে আনতে তা সহায়তা করতে পারে। যদি তারা (সরকার) আমাদেরকে সরকারিকরণ করে এবং মাসিক একটি বেতন দেয় তাহলে সবার জন্যই তা শুভকর হবে। প্রতারণার পরিমাণ কমে আসবে। কারণ, তখন প্রত্যেকেই জবাব দিতে বাধ্য থাকবে।

তবে বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রটিং এজেন্সির (বায়রা) সেক্রেটারি জেনারেল শামিম আহমেদ চৌধুরী নোমান বলেছেন, রিক্রটিংয়ে মধ্যস্থতাকারীদের নিয়ন্ত্রণে আনার মধ্য দিয়ে সিস্টেমের কোনো উন্নতি হবে না। ফিও কমে আসবে না। তিনি বলেন, যদি আপনি অভিবাসীদের ফি কমাতে চান, তাহলে আপনি সিস্টেমে আরো বেশি স্টেকহোল্ডারকে যুক্ত করতে পারেন না।