রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন ৩ হাজার ২০০টি নোংরা ও ননফুড পানির জার ধ্বংস করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।এ অভিযানে আরো চারটি প্রতিষ্ঠানের পানি উৎপাদন বন্ধ করে দেয়া হয়েছে।
মঙ্গলবার ১৯ ফেব্রুয়ারী বিএসটিআই’র দুটি সার্ভিল্যান্স টিম এ অভিযান পরিচালনা করে। সার্ভিল্যান্স টিমের নেতৃত্ব দেন বিএসটিআই’র উপ-পরিচালক (সিএম) মো. সাইফুল ইসলাম এবং মো. রিয়াজুল হক। এপিবিএন-৫ এ অভিযানে সহায়তা করে।
অভিযানে বিএসটিআই’র লাইসেন্স ব্যতিরেকে ড্রিংকিং ওয়াটার বিক্রি করার অপরাধে পান্থপথের আজাদের পানির ফ্যাক্টরী, রায়েরবাগের ড্রপ ড্রিংকিং ওয়াটার, লালটেক বেড়িবাঁধের মনিরের পানির ফ্যাক্টরী এবং গৈদারটেকে নামবিহীন একটি প্রতিষ্ঠানের পানির লাইন বিচ্ছিন্নসহ পানির উৎপাদন বন্ধ করে দেয়া হয়।
বিএসটিআই’র সার্ভিল্যান্স টিম সোবাহানবাগ, পান্থপথ, গ্রিন রোড, রায়েরবাজার, মিরপুর, মোহাম্মদপুর, আদারব, দারুস সালাম, পীরেরবাগ, কাজীপাড়া এলাকায় ২০টি হোটেল, রেস্তোরাঁ এবং টি-স্টলে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩ হাজার ২০০টি নোংরা ও ননফুড গ্রেড জার ধ্বংস করা হয়।
এছাড়াও পীরেরবাগ ও শেওড়াপাড়ায় ওয়াসার ২টি এটিম বুথ নোংরা জারে পানি বিক্রি করায় সতর্ক করা হয় এবং বাণিজ্যিক উদ্দেশ্যে জারে পানি বিক্রি না করার নির্দেশ দেয় সার্ভিল্যান্স টিম। বিএসটিআই’র দু’জন সহকারী পরিচালক ও ৭ জন ফিল্ড অফিসার এ অভিযানে অংশ নেন।