বিচারপতি কে এম কামরুল কাদের ঢাকার দুই সিটি করপোরেশনের আইনজীবীর উদ্দেশ্যে প্রশ্ন করেন, মশার কামড়ের জ্বালায় বাঁচি না, মশা নিধনের জন্য কোটি কোটি টাকার বরাদ্দ যায় কোথায়? হাইকোর্টে ঢাকা শহরের বায়ু দূষণ সংক্রান্ত একটি মামলার কার্যক্রম চলাকালে বিচারপতি এই প্রশ্ন করেন।
১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ মন্তব্য করেন।
বিচারপতি আরো বলেন, মশার কামড়ের জ্বালায় বাঁচি না।প্রতিবছর মশা নিধনের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ হয়, এই টাকা কই যায়! আল্লাহ ভালো জানেন।
এ সময় সিটি করপোরেশনের আইনজীবী উঠে বলেন, আমরা এটা সমাধানের চেষ্টা করছি।
বিচারপতি আইনজীবীর কথার পরিপ্রেক্ষিতে আবারো বলেন, এসব কথায় কাজ হবে না। দুর্নীতি কমান। আমি বলছি না বন্ধ করে দেন। কমান। তাহলেই মানুষ শান্তি পাবে। প্রতিদিন মশার কামড়ে অসংখ্য মানুষ হাসপাতালে যাচ্ছে।
ঢাকা শহরের বায়ু দূষণ প্রতিরোধে কি ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে সে বিষেয় দুই সপ্তাহের মধ্যে পরিবেশ অধিদপ্তর, দুই সিটি করপোরেশন সহ সংশ্লিষ্টদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।