পুরান ঢাকায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯ জনকে ১ লাখ টাকা করে চেক প্রদান করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চকবাজারে অগ্নিকাণ্ডে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও আর্থিক সহায়তা করার জন্য। সে অনুযায়ী কাজ করা হচ্ছে। এছাড়া পুরান ঢাকা থেকে যত দ্রুত সম্ভব রাসায়নিকের গুদাম সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে কোনো গাফিলতি সহ্য করা হবে না বলে জানিয়েছেন তিনি।
এ সময় তিনি আরও বলেন, গাড়িতে গ্যাস সিলিন্ডার ব্যবহারেরও বিকল্প ভাবা হবে। এ ঘটনা নিয়ে বিএনপিকে রাজনীতি না করারও আহ্বান জানান তিনি। মানুষের দুঃখ-দুর্দশাকে পুঁজি করে কারো রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেন মন্ত্রী।