বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ঢাকা থেকে দুবাই যাত্রাকালে দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে। পরিস্থিতি বেগতিক দেখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করা হয়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ঘিরে রেখেছে।
জানা গেছে, দুর্বৃত্তরা বিমানের ভেতরে ক্রুদের জিম্মি করে রেখেছে।
ঘটনাস্থল থেকে একাধিক সূত্র জানিয়েছে, বিমানের বিজি-১৪৭ নম্বর ফ্লাইটটি চট্টগ্রাম থেকে ঢাকা হয়ে দুবাই যাওয়ার কথা। কিন্তু উড্ডয়নের পরপরই এ ঘটনা ঘটে।
অবতরণের পর দ্রুত ফ্লাইটের সব যাত্রীকে নামিয়ে দেয়া হয়। বিমানটি রানওয়েতে অবস্থান করছে এবং সেটি ঘিরে রেখেছে সেনাবাহিনী, পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিমানবন্দরের একাধিক সূত্র বলছে, যাত্রীদের নামিয়ে আনলেও দুইজন ক্রু প্লেনের ভেতরে রয়েছেন। ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসও।
বিমান সচিব জানান, সব যাত্রীদের নামিয়ে আনলেও বিমানের ভেতরে একজন যাত্রী ও একজন ক্রু রয়েছেন।
সূত্র জানায়, বিমানটি রোববার বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে জরুরি অবতরণ করা হয়। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে সেখানে বিমান ওঠানামা বন্ধ রয়েছে।
বিমানের ভেতরে অস্ত্রধারীরা রয়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে।
বিমানবন্দরের এক কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ বিমানের জরুরি অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।