গত দশ বছরে সরকার কৃষিতে ৬৩ হাজার ২৬৩ কোটি ৪৩ লাখ টাকা ভর্তুকি দিয়েছে বলে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
তিনি বলেন, ২০০৯ সালে ক্ষমতা গ্রহণের পর পরই আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার সারের মূল্য কমিয়ে ভর্তুকির পরিমাণ বাড়িয়েছে।
রোববার ২৪ ফেব্রুয়ারী জাতীয় সংসদে এম আবদুল লতিফের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদকে এ তথ্য জানান। এসময় কৃষিমন্ত্রী জানান, ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত কৃষিতে ভর্তুকি দেয়া হয়েছে। এরমধ্যে সারে দেওয়া হয়েছে ৬১ হাজার ১২৩ কোটি ৯৩ লাখ, বিদ্যুতে ১ হাজার ১৫৯ কোটি ৭৯ লাখ, ইক্ষুতে ১৪২ কোটি ৮৮ লাখ, ডিজেলে ভর্তুকি ৭৫০ কোটি টাকা।
মন্ত্রী আরো জানান, ২০০৮-০৯ অর্থবছরে খাদ্যশস্য উৎপাদন ছিল ৩ কোটি ৩৩ লাখ ৩ হাজার টন সেখানে বর্তমানে ২০১৭-১৮ অর্থ বছরে বেড়ে ৪ কোটি ১৩ লাখ ২৫ হাজার টন হয়েছে। কৃষকরা সঠিক সময়ে সুলভ মূল্যে সার পাওয়ায় বিভিন্ন ফসল উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং দেশ খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে।