বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্লেন ‘ময়ূরপঙ্খী’ ছিনতাই চেষ্টার ঘটনা নিয়ে প্রেস ব্রিফিং করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী ও সচিব মো. মুহিবুল হক।
এ বিষয়টি নিশ্চিত করে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ জানান, আজ সোমবার বেলা ১টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ প্রেস ব্রিফিং হবে।
গতকাল রবিবার সন্ধ্যায় বিমানের চট্টগ্রাম থেকে দুবাইগামী বিজি-১৪৭ ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট তা শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করান। খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসসহ আইন-শৃঙ্খলা বাহিনী। এ সময় রানওয়েতে অবস্থান করা প্লেনটি ঘিরে রাখে পুলিশ, র্যাব ও সেনা কমান্ডোর সদস্যরা। পরে কমান্ডো অভিযানে ছিনতাই চেষ্টাকারী নিহত হন।