রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়েছে। মঙ্গলবার রাতের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বুধবার সকালে ভারী বর্ষণে রূপ নেয়।
আবহাওয়া অধিদফতর জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ১৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
শুধু ঢাকা নয় দেশের সব বিভাগেও মাঝারি ও ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এ দিকে বুধবার সকালের বৃষ্টিতে রাজধানীতে দুর্ভোগে পড়েন অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা। বৃষ্টিতে রাস্তায় কমে যায় গণপরিবহনের সংখ্যা।
কারওয়ানবাজারে সোনারগাঁও হোটেলের সামনে রাস্তায় হাঁটু পানি দেখা যায়। ছবি: আব্দুর রাজ্জাক সরকার
গণপরিবহনের অভাবে ভোগান্তিতে পড়তে হয় বেসরকারি অফিসগামী নাগরিকদের। ফার্মগেট ও কারওয়ানবাজার মোড়ে অনেক যাত্রীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
রাজপথে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশা চালকদের ইচ্ছামতো ভাড়া আদায় করতে দেখা যায়। বেহাল রাস্তায় ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। কারওয়ানবাজারসহ রাজধানীর অনেক স্থানেই অল্পস্বল্প পানি জমে যায়।