কস্ট হিসাব বিদদের অন্যতম প্রতিষ্ঠান দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস্ অব বাংলাদেশ (আইসিএমএবি) এর নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন আবুল কালাম মজুমদার এফসিএমএ। আর সচিব হয়েছেন মোঃ আবদুর রহমান খান এফসিএমএ।
সম্প্রতি প্রতিষ্ঠানটির কাউন্সিল সভায় তারা এই দায়িত্ব পেয়েছেন। নতুন এ কমিটির সহ-সভাপতি হয়েছেন আরিফ খান এফসিএমএ,সিএফএ এবং জামাল আহমেদ চৌধুরী এফসিএমএ। আর কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. স্বপন কুমার বালা এফসিএমএ ।
আবুল কালাম মজুমদার এর আগে ২০০০ সালে আইসিএমএবি’র সভাপতি ছিলেন। তিনি বিভিন্ন মেয়াদে আইসিএমএবি’র সহ-সভাপতি, সচিব ও কোষাধ্যক্ষ এর দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মজুমদার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এডমিনিস্ট্রেশন হতে এমবিএ এবং অষ্ট্রেলিয়ার ইনস্টিটিউট অব সার্টিফাইড ম্যানেজমেন্ট কনসালট্যান্টস হতে সিএমসি ডিগ্রি লাভ করেন।
আরিফ খান এখন দেশের অন্যতম প্রতিষ্ঠান আইডিএলসি ফাইনান্স লিমিটেডের সিইও ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার ও আইসিএমএবির সভাপতি ছিলেন ।
জামাল আহমেদ চৌধুরী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর নির্বাহী পরিচালক (হিসাব ও অর্থ) পদে কর্মরত আছেন। তিনিও প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মোঃ আবদুর রহমান খান বর্তমানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে উপ-সচিব পদে কর্মরত আছেন।
অধ্যাপক ড. স্বপন কুমার বালা বর্তমানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার হিসেবে কর্মরত আছেন। তিনি পূর্বে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন।