বালাকোটে ভারতীয় হামলা ‘মিথ্যা’ প্রমাণিত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০৬ ১৫:৪০:৩২

ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানের বালাকোটের কাছে হামলার দাবী করে।তারা জানায় সে হামলায় অন্তত ৩০০ থেকে ৩৫০ জন জইশ-ই মোহাম্মদের সদস্য নিহত হয়েছে।তবে ভারতীয় হামলার দাবী মিথ্যা প্রমাণিত হয়েছে স্যাটেলাইট থেকে নেয়া ছবিতে।
উচ্চক্ষমতাসম্পন্ন স্যাটেলাইটের পাঠানো ছবি পর্যালোচনা করে দেখা যায়, জইশ-ই-মোহাম্মদ পরিচালিত মাদ্রাসা ভবনটি এখনও দাঁড়িয়ে আছে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক বেসরকারি স্যাটেলাইট অপারেটর প্ল্যানেট ল্যাব ইনকর্পোরেটেডের সরবরাহ করা ছবিগুলোতে ভারতের বোমা হামলার ছয় দিন পর ৪ মার্চ ওই মাদ্রাসার স্থানটিতে অন্তত ছয়টি ভবন দেখা গেছে।
স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে বার্তা সংস্থাটি।
ভারতীয় যুদ্ধবিমানগুলো জইশ-ই-মোহাম্মদের ওই প্রশিক্ষণকেন্দ্রে ১০০০ কেজি বোমাবর্ষণ করে বহু জঙ্গিকে হত্যা করেছে বলে দাবি করে আসছে ।
ওই হামলার পর থেকে এখন পর্যন্ত সরকারিভাবে কোনো স্যাটেলাইট ছবি পাওয়া যায়নি। কিন্তু প্ল্যানেট ল্যাবের ওই ছবিগুলোতে (যেগুলো ৭২ সেন্টিমিটার পর্যন্ত ছোট জিনিসও বিস্তারিতভাবে তুলে ধরেছে) ভারত সরকার যেখানে হামলা চালিয়েছে বলে দাবি করছে, সেখানে পরিষ্কারভাবে ওই কাঠামোগুলো দৃশ্যমান হয়েছে।
এ ছবিগুলোর সঙ্গে ২০১৮ সালের এপ্রিলে গ্রহণ করা স্যাটেলাইট ছবিগুলোর তেমন কোনো পার্থক্য নেই।
ভবনগুলোর ছাদে দৃষ্টিগোচর হওয়ার মতো কোনো ছিদ্র নেই, দাহ্য পদার্থের আঘাতের কোনো চিহ্ন নেই, বিস্ফোরণের ধাক্কায় উড়ে যাওয়া কোনো দেয়াল নেই, মাদ্রাসার আশপাশে উপড়ে পড়া কোনো গাছ নেই এমনকি বিমান হামলার অন্য কোনো চিহ্নই নেই।
এই ছবিগুলো ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের দাবির বিষয়ে আরও সন্দেহ তৈরি করেছে।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













