বর্তমান সরকার দেশের প্রায় সোয়া কোটি মানুষের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে। এক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরও এগিয়ে আসতে হবে। আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু কনফারেন্স হলে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার (সিআইটিএফ) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
মন্ত্রী বলেন, দেশের অর্থনীতির লাইফ লাইন হলো বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। দেশের ব্যবসায়িক কার্যক্রমের বড় অংশ পরিচালিত হয় এ নগরীকে কেন্দ্র করেই। এ কারণে বড় বড় প্রতিষ্ঠানের এখানে চলে আসা উচিত। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য চট্টগ্রামকে অগ্রাধিকার দিতে হবে। এখানে যা কিছু আছে, সেগুলোর নার্সিং করতে হবে। সমুদ্র অর্থনীতির বিশাল ভবিষ্যৎ রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, চট্টগ্রামকে ঘিরে সমুদ্র অর্থনীতির কার্যক্রম শুরু করতে হবে। বর্তমান সরকার ব্যবসাবান্ধব। ব্যবসায়ীদের সমস্যা আমরা ভালো বুঝি। কোথায় কোথায় ব্যবসায়ীরা বাধা পাচ্ছেন, তা আমরা জানি। আমরা চাই, দেশে আরো বেশি পরিমাণে বিনিয়োগ আসুক। এজন্য সুযোগ তৈরি করতে হবে।
আইপি ইস্যুর জন্য ঢাকায় যাওয়ার কোনো যুক্তি নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, ব্যুরোক্রেটিক বিভিন্ন বাধা যুক্তি দিয়েই কাটাতে হবে। ১৩ টন ওজনসীমা পরিবহন খাতকে বিপর্যস্ত করছে উল্লেখ করে তিনি বলেন, সারা দেশে এ সীমা ২০ টন হলে চট্টগ্রামের ক্ষেত্রে কেন ১৩ টন হবে। ব্যবসায়ীরা বন্দরে স্ক্যানার চাইছেন। তাহলে সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কেন উদ্যোগ নেয়া হবে না?
মন্ত্রী আরো বলেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পর্ষদে চট্টগ্রামের ব্যবসায়ী প্রতিনিধি রাখার উদ্যোগ নেয়া হবে। জাহাজ নির্মাণ খাতকে আরো ভালো অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব। এক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে। চট্টগ্রাম পর্যটন খাতে চ্যাম্পিয়ন। এ খাতে জোরেশোরে কাজ করতে হবে। আমি আপনাদের সব সমস্যা জানতে ও সেগুলোর সমাধান করতে চাই।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামে অন্তত পাঁচটি ব্যাংকের হেড অফিস স্থাপন করা দরকার। ঢাকা থেকে আইপি ইস্যু হতে পাঁচদিন লেগে যায়। এ সমস্যার সমাধান করা দরকার। ১৩ টন ওজন স্কেলের কড়াকড়ি ব্যবসায়ীদের জন্য বড় দুঃখ বলে উল্লেখ করেন তিনি। চেম্বার সভাপতি বন্দরের পর্ষদে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রতিনিধি রাখার দাবি জানান। এছাড়া চট্টগ্রাম কাস্টম হাউজ ভবনের আধুনিকায়ন ও সেখানে জনবল বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
রাজধানী ঢাকাকে বাঁচাতে প্রশাসনিক কার্যক্রমের বিকেন্দ্রীকরণ করতে হবে মন্তব্য করে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, দেশে সুষম উন্নয়ন হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে চট্টগ্রামকে ব্যবসায়িক কার্যক্রমের কেন্দ্রবিন্দু করা হবে। বাস্তবায়নাধীন প্রকল্পগুলো শেষ হলে চট্টগ্রাম হবে দেশের বাণিজ্যিক রাজধানী।
অনুষ্ঠানে ২৭তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার চেয়ারম্যান ও চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিমসহ অন্যরা উপস্থিত ছিলেন।