মিয়ানমারের বিদ্যালয়ে মুসলিমদের ঘৃণা করতে শেখানো হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০৩-০৭ ১৯:২৮:৪০


মিয়ানমারের বিভিন্ন  বিদ্যালয়ের পাঠ্যবইগুলোতে মুসলিমসহ সঙ্কর জাতির মানুষদেরকে  ঘৃণা করতে শেখানো হচ্ছে। মঙ্গলবার জাতিসংঘ প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বলে জানান মিয়ানমারের মানবাধিকার তদন্তে জাতিসংঘে নিযুক্ত বিশেষ দূত ইয়াং হি লি।

প্রতিবেদনে জাতিসংঘের শীর্ষ এ কর্মকর্তা অভিযোগ করেন, মিয়ানমার পাঠ্যবইয়ের মাধ্যমে ঘৃণাবাদী মন্তব্যকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে।

জাতিসংঘে নিযুক্ত বিশেষ দূত ইয়ং হি লি বলেন, ‘দশকের পর দশক ধরে  মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। রোহিঙ্গারা  চরমভাবে নির্যাতনের শিকার। আন্তর্জাতিক সম্প্রদায় তবুও নিষ্ক্রিয়। এই মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে  ব্যবস্থা গ্রহণে বিলম্ব হতে থাকলে সেখানে বৈষম্য বাড়বেই।’

মিয়ানমারে মুসলিমদের প্রতি  ঘৃণার ব্যবহার শুধু পাঠ্যবইতেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এর বিস্তৃতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এতে দেশটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে। দেশটির  ভবিষ্যৎ প্রজন্মও মুসলিমবিরোধী হয়ে উঠছে। এর পেছনে সরকার ও সেনাবাহিনী মদদ দিচ্ছে, যা প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।