কাউকে হত্যার উদ্দেশ্যে নয়, আত্মরক্ষার্থে গুলি করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, মাদকবিরোধী অভিযানে গেলে সন্ত্রাসীরা অবৈধ অস্ত্রের ব্যবহার করে গুলি ছুড়ছে ।
শনিবার (৯ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁও বিজি প্রেস মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, ক্রসফায়ারের নামে কাউকে হত্যা করা হচ্ছে না। তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ক্রসফায়ারের নামে কাউকে হত্যা করছে না।’
এরপরও সুশীল সমাজের অনেকেই সমালোচনা করছেন বলে অভিযোগ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি নিরাপরাধীদের ক্রসফায়ারের নামে হত্যা করছে। এসব বলে কেবল সন্ত্রাসীদেরই উসকে দেওয়া হয়। এতে সন্ত্রাসীরা আরও পার পেয়ে যায়। তারা কি দেখে না, মাদকে একটা দেশের যুবশক্তি শেষ হয়ে যাচ্ছিল।’ প্রধানমন্ত্রীর দৃঢ় পদক্ষেপে মাদকের লাগাম টেনে ধরা সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।