ইথিওপিয়ান বিমান বিধ্বস্ত হয়ে ১৫৭ আরোহী নিহত
আন্তর্জাতিক ডেস্ক আপডেট: ২০১৯-০৩-১০ ১৬:৫৮:২১

ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমান ১৫৭ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে এবং এতে সকল যাত্রী মারা গেছে। দেশটির সরকারি সম্প্রচার মাধ্যমকে বিমান সংস্থাটির মুখপাত্র বলেছেন, ইথিওপিয়া এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানটির ১৪৯ আরোহী ও আট ক্রুর সবাই মারা গেছেন। নিহতদের মধ্যে ৩৩ দেশের নাগরিক রয়েছেন।স্থানীয় সময় রোববার সকাল ৮টা ৪৪ মিনিটের দিকে বিমানটি বিধ্বস্ত হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক বার্তায় দেশটির প্রধানমন্ত্রী বিমান বিধ্বস্তে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
ইথিওপিয়ার সরকারি এ বিমান সংস্থাটি বলছে, রাজধানী আদ্দিস আবাবা থেকে ৬২ কিলোমিটার দক্ষিণ-পূর্বদিকের বিশোফতু শহরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়। ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, আদ্দিস আবাবা থেকে বিমানটি নাইরোবির উদ্দেশে যাত্রা শুরু করেছিল। যাত্রার মাঝপথে এটি বিধ্বস্ত হয়।
রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বোয়িং ৭৩৭ বিমানটি বিধ্বস্তের খবর নিশ্চিত করা হয়। ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওই মুখপাত্র বলেছেন, ১৪৯ যাত্রী এবং আটজন ক্রু নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিমান বিধ্বস্তের এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













